গাজীপুরে খুনের অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে কালীগঞ্জের বাগদিতে জনি গোমেজ (৩০) নামের এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সনি গোমেজ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জনির স্ত্রী মৌসুমি গোমেজ দাবি করেন, তাঁর ফুফাতো ভাই সনি গোমেজ (৩২) গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে বিলে মাছ ধরার কথা বলে জনিকে ডেকে নিয়ে যান। এ ঘটনার দুই ঘণ্টা পর জনিকে খুন করে বিলে ফেলে রাখার কথা তাঁকে মুঠোফোনে জানান সনি। ওই দিন রাতেই কালীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।

আজ শনিবার সকালে বিলের পানিতে জনির লাশ ভেসে ওঠে। খবর পেয়ে সকাল ১০টার দিকে বাগদি এলাকার বড়টেক বিল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতেই এলাকা থেকে পালিয়ে যান সনি। পরদিন শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর বরণি মিশনপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, এ ঘটনায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।