গাজীপুরে খুনের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন
গাজীপুরে একটি হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। গতকাল রোববার দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মনির কামাল এই দণ্ডাদেশ দেন। দণ্ডাদেশপ্রাপ্ত অখিল চন্দ্র সরকার (৫৫) গাজীপুরের কাপাসিয়া উপজেলার বানরহাওলা গ্রামের মৃত যোগেশ চন্দ্র সরকারের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ১৯৯৬ সালের ১২ জুলাই জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কাপাসিয়ার বানরহাওলা গ্রামের গিয়াস উদ্দিন সরকার খুন হন। পরে তাঁর ছেলে মাহফুজুল হক দেলোয়ার ১০ জনকে আসামি করে কাপাসিয়া থানায় মামলা করেন। কাপাসিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল কবির তদন্ত শেষে ১৯৯৭ সালের ৭ মে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে আসামিপক্ষ নারাজি দিলে মামলাটি সিআইডির পরিদর্শক সামসুদ্দিন তদন্ত করে ১৯৯৮ সালের ২৮ নভেম্বর ফের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামিরা হলেন অখিল চন্দ্র সরকার, একই এলাকার মনমোহন চন্দ্র সরকারের ছেলে অনিল চন্দ্র সরকার, মহেন্দ্র চন্দ্র সরকারের ছেলে সচিন্দ্র চন্দ্র সরকার।
১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক দণ্ডবিধির ৩০২ ধারায় আসামি অখিল চন্দ্র সরকারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড এবং ৩২৩ ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন। অপর আসামি অনিল চন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেন আদালত। এ ছাড়া মামলা চলাকালে অন্য আসামি সচিন্দ্র চন্দ্র সরকার মারা যান।