গাজীপুরে খুনের দায়ে রংমিস্ত্রির কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে লুডু খেলাকে কেন্দ্র করে রাজমিস্ত্রিকে খুনের অপরাধে রংমিস্ত্রিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গাজীপুর জেলা দায়রা জজ এ কে এম এনামুল হক গতকাল রোববার আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডাদেশ পাওয়া ইদ্রিস আলীর (৪২) বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা থানায়। তিনি গাজীপুরের জয়দেবপুর থানাধীন শিবরামপুর এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে রঙের কাজ করতেন।
গাজীপুর আদালতের পিপি মো. হারিছ উদ্দিন আহম্মদ বলেন, চাঁদপুরের ফরিদগঞ্জ থানার হান্নান মিয়া সপরিবারে শিবরামপুরের একটি ভাড়া বাড়িতে থেকে রাজমিস্ত্রির কাজ করতেন। ২০১৪ সালের ১২ জুন প্রতিবেশী ইদ্রিস আলীর রান্নাঘরে বসে তাঁর সঙ্গে লুডু খেলছিলেন হান্নান। এ সময় দুজনের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে ইদ্রিস ইট দিয়ে হান্নানের মাথায় সজোরে আঘাত করেন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।