গাজীপুরে গজারি বন কেটে পুলিশ ফাঁড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর জেলা সদরের সালনা এলাকায় ময়মনসিংহ মহাসড়কের পাশে সরকারি গেজেটভুক্ত বন বিভাগের জমি দখল করে জোরপূর্বক পুলিশ ফাঁড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। হাইওয়ে পুলিশ ফাঁড়ির সাইনবোর্ড ঝুলিয়ে বেশ কিছু গজারি গাছও কাটা হয়েছে। আরও দুই শতাধিক গাছ ভেতরে নিয়ে দ্রুত পাকা সীমানাপ্রাচীরের নির্মাণ কাজ চলছে। বন বিভাগের লোকজন বাধা দিতে গেলে এই নিয়ে দুই সরকারি প্রতিষ্ঠানের মাঠপর্যায়ের কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।বন বিভাগের কর্মকর্তারা জানান, জমি দখল ও গাছ কাটার বিরুদ্ধে গাজীপুর আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।গতকাল মঙ্গলবার বিকেলে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আনুমানিক এক বিঘা জমিজুড়ে পাকা দেয়াল নির্মাণ করা হচ্ছে। ১৫-২০ জন নির্মাণশ্রমিক কাজ করছেন। অদূরে ২০-২২ জন পুলিশ মোতায়েন রয়েছে। এর ৫০০ গজ দূরে বন বিভাগের সালনা বিট-কাম চেক স্টেশন। স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, দক্ষিণ সালনা মৌজার সিএস দাগ ১০ এবং আরএস ৭৪৩ দাগের আলোচিত জমিটি গেজেটভুক্ত বনভূমি। কয়েক দিন আগে ওই জমিতে ইট-বালু ফেলা হয়। তখন থেকেই আমরা (বন বিভাগ) দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে আপত্তি জানাই। কিন্তু তাঁরা কর্ণপাত করেননি। গত সোমবার দুটি গজারি গাছ ও একটি আকাশমণি গাছ কাটলে বনকর্মীরা সেসব জব্দ করেন। এ ঘটনার পর জয়দেবপুর থানার দুজন উপপরিদর্শকের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ ও হাইওয়ে পুলিশ সালনা বিট-কাম চেক স্টেশনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও উপস্থিত বনকর্মীদের গ্রেপ্তারের হুমকি দেন।এ ব্যাপারে হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট আবুল কালাম আজাদ বলেন, আলোচিত জমির মালিক বন বিভাগ নয়, সড়ক ও জনপথ বিভাগ। যোগাযোগ মন্ত্রণালয়ের লিখিত অনুমতি নিয়ে এবং স্থানীয় সড়ক ও জনপথ কার্যালয়ের চিহ্নিত করে দেওয়া জায়গায় স্থাপনা নির্মিত হচ্ছে।স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান বলেন, ফাঁড়ি কর্তৃপক্ষ ২৮৮ বাই ৫০ ফুট বরাদ্দ নিয়ে ৩২০ বাই ৮০ ফুট পরিমাণ জমি দখল করেছে। তা ছাড়া আইন অনুযায়ী বনভূমি থেকে গাছ কাটতে বন মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়। কিন্তু পুলিশ নিয়মনীতির তোয়াক্কা না করে গায়ের জোরে কাজ করছে।