গাজীপুরে গণপিটুনিতে আহত আরও এক ব্যক্তির মৃত্যু
গাজীপুর সদর উপজেলার পূবাইলের ডেমোরপাড়া এলাকায় গত বৃহস্পতিবার ভোরে গণপিটুনিতে আহত আরও এক ব্যক্তি গতকাল শুক্রবার হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে গণপিটুনির শিকার ব্যক্তিদের মধ্যে তিনজন মারা গেছেন। এদিকে ওই ঘটনায় পুলিশ গ্রামের অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে।নিহত ব্যক্তিদের বয়স ২৫ থেকে ২৮ বছরের মধ্যে। তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রমতে, ডেমোরপাড়ার একটি বাড়িতে গত বুধবার দিবাগত রাতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আট ডাকাতকে ধরে পিটুনি দেয়। বৃহস্পতিবার সকালে তাদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাতটার দিকে একজন এবং গতকাল ভোরে অপর একজন মারা যান।তিন ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় পুলিশ গ্রামের অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে। এ ছাড়া প্রবীণ মণ্ডল নামের এক ব্যক্তি একটি ডাকাতির মামলা করেছেন।