গাজীপুরে গণপিটুনিতে একজন নিহত
গাজীপুর নগরের কোনাবাড়ীর রাজাবাড়ী এলাকায় গত রোববার দিবাগত রাতে ডাকাতি করে পালানোর সময় এক ব্যক্তিকে আটক করে পিটুনি দেন এলাকাবাসী। গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সকালে আবদুল মালেক (৪২) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়।
ডাকাতির শিকার ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের শ্যালক মো. নাজু মিয়া জানান, রোববার দিবাগত রাত দুইটার দিকে লাঠিসোঁটাসহ ১২-১৩ জন ডাকাত রাজাবাড়ী এলাকায় তোফাজ্জলের বাড়িতে হানা দেয়।
কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম জানান, ডাকাতেরা তোফাজ্জলের ঘরে ঢুকে তোফাজ্জল ও তাঁর স্ত্রীকে আটকে মারধর করে। এ সময় দুই ছেলে পারভেজ ও পলাশ এলে ডাকাতেরা তাঁদের ওপরও হামলা চালায়। তাঁদের চিৎকারে লোকজন ছুটে এলে ডাকাতেরা পালাতে থাকে। এলাকাবাসী ডাকাত দলের সদস্য মালেককে আটক করে এবং গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল নয়টায় মালেকের মৃত্যু হয়।