গাজীপুরে গণপিটুনিতে দুই ডাকাতের মৃত্যু
গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এবার দুই যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার কাউলতিয়া ইউনিয়নের দেশীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন, ঢাকার আশুলিয়ার বেদগ্রামের মোকসেদ আলম (৩০) ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জলজলি গ্রামের সুজন (২৫)। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, মৃত্যুর আগে যুবকেরা নাম, ঠিকানা জানিয়ে ডাকাতি চেষ্টার কথা স্বীকার করেছে। এর আগে গত ১৭ জুলাই রাতে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের এনায়েতপুরে ডাকাত সন্দেহে জনতার পিটুনিতে ছয়জনের মৃত্যু হয়। এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার রাত তিনটার দিকে পাঁচ-ছয়জন ডাকাত গাজীপুর শহরের অদূরে দেশীপাড়ার আবুল হোসেনের বাড়ির বারান্দার লোহার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে তারা বাড়ির পেছনের একটি ঘরের জানালার একাংশ ভেঙে ফেলে। ওই ঘরে আবুলের মেয়ে শিউলি ঘুমাচ্ছিল। ডাকাতদের একজন জানালার ভাঙা অংশ দিয়ে পিস্তল তাক করে শিউলিকে দরজা খুলতে বলে। শিউলি কৌশলে অন্য ঘরে গিয়ে মুঠোফোনে একাধিক প্রতিবেশী ও কাউলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল লতিফকে ডাকাতির কথা জানান। এ ব্যাপারে ইউপি সদস্য আবদুল লতিফ জানান, খবর পেয়ে স্থানীয় বড় মসজিদের মাইক দিয়ে এলাকায় ডাকাত আসার কথা ঘোষণা করা হয়। পরে এলাকাবাসী চারদিক থেকে ডাকাতদের ঘিরে ফেলে। ধাওয়া খেয়ে দুই ডাকাত এক কিলোমিটার দূরে একটি ডোবায় পড়ে যায়। ক্ষুব্ধ জনতা তাদের ধরে পিটুনি দেয়। বাকিরা পালিয়ে যায়।জয়দেবপুর থানার ওসি আবদুর রশিদ জানান, খবর পেয়ে রাত সাড়ে তিনটার দিকে পুলিশ দেশীপাড়া গ্রামের একটি ধানের চাতাল থেকে মুমূর্ষু অবস্থায় দুই যুবককে উদ্ধার করে। গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তাদের মৃত্যু হয়। ওসি জানান, ডাকাতি চেষ্টার অভিযোগে গৃহকর্তা আবুল কাশেম মামলা করেছেন। অন্যদিকে পিটুনিতে দুই ডাকাতের মৃত্যুর ঘটনায় পুলিশ হত্যা মামলা করবে।