গাজীপুরে গর্তে পড়ে তিন শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর ও টঙ্গীতে গত শুক্রবার ও গতকাল শনিবার গর্তের পানিতে পড়ে যমজ বোনসহ তিন শিশু মারা গেছে।মৃত শিশুরা হলো কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক দক্ষিণপাড়া এলাকার পোশাক শ্রমিক আবদুর রহিমের যমজ মেয়ে হাছনা আক্তার ও হেনা আক্তার (৫) এবং টঙ্গীর ফকির মার্কেট এলাকার মো. বাবুলের ছেলে মমিনুল ইসলাম (৫)। মমিনুল টঙ্গী পাগাড় পাঠানপাড়া ব্র্যাক স্কুলের শিশু শ্রেণীতে পড়ত।আন্দারমানিক এলাকার কয়েকজন বাসিন্দা জানান, আবদুর রহিম ও তাঁর স্ত্রী রাবেয়া তাঁদের মেয়ে হাছনা ও হেনাকে বাসায় রেখে শুক্রবার সকালে স্থানীয় পোশাক কারখানায় কাজে যান। ওই দিন বিকেলে দুই বোন বাড়ির পাশে খেলতে গিয়ে গর্তে জমে থাকা বৃষ্টির পানির মধ্যে পড়ে যায়। বাবা-মা সন্ধ্যায় বাড়িতে এসে ওই গর্তে ভাসমান অবস্থায় দুই মেয়েকে দেখতে পান। শিশুদের উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এক সঙ্গে দুই শিশুর মৃত্যুতে তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল সকালে দুই বোনের জানাজা শেষে দাফন করা হয়।টঙ্গী মডেল থানার পুলিশ ও স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, গতকাল বেলা সাড়ে ১১টায় স্কুলছাত্র মমিনুল তার এক সহপাঠীর সঙ্গে স্কুল থেকে বাসায় ফিরছিল। পথে পাগাড় পাঠানপাড়া এলাকায় পা পিছলে রাস্তার পাশে গর্তের পানিতে পড়ে যায় মমিনুল। সহপাঠীর কান্নাকাটিতে ছুটে আসেন আশপাশের লোকজন। পানিতে নেমে উদ্ধার করেন মমিনুলকে। কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়। খবর পেয়ে মমিনুলের বাবা বাবুল ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন।টঙ্গীতে বৃষ্টি থামলেও জলাবদ্ধতা কমেনি: গত বৃহস্পতিবার ভোর থেকে পাঁচ-ছয় ঘণ্টার টানা বৃষ্টিতে টঙ্গীর বেশির ভাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। গত শুক্রবার দুপুরে সামান্য বৃষ্টি হয়। স্থানীয় লোকজন অভিযোগ করেন, জলাবদ্ধতা নিরসনে গাজীপুর সিটি করপোরেশনের কর্মীরা কোনো ব্যবস্থা না নেওয়ায় গতকালও অধিকাংশ এলাকা, সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানি জমে ছিল। গতকাল আরিচপুর, আউচপাড়া, দত্তপাড়া, সাতাইশ রোড, কলেজ রোড, সফিউদ্দিন রোড, গাজীবাড়ী রোড, মেঘনা রোড, সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ ও টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে জলাবদ্ধতা দেখা গেছে। ওই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গতকাল নোংরা পানি ডিঙিয়ে ক্লাসে গেছে।জলাবদ্ধতা নিরসনের ব্যাপারে বক্তব্য জানতে চাইলে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের নগর উন্নয়ন কর্মকর্তা মো. মইনুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিনি কিছু বলতে পারবেন না।