গাজীপুরে গাঁজা ব্যবসায়ীকে কারাদণ্ড
গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব-১-এর সদস্যরা গতকাল রোববার দুপুরে অভিযানা চালিয়ে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে কারাদণ্ড প্রদান করেন।দণ্ডপ্রাপ্ত মো. স্বপন (৩০) ময়মনসিংহের গফুরগাঁওয়ের খাওরাবড়াল গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। গাজীপুরের ওয়্যারলেস গেট এলাকায় ভাড়া থেকে তিনি মাদক ব্যবসা করতেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদে খবর পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব-১-এর সদস্যরা গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর সদর উপজেলার চৌরাস্তায় শাপলা ম্যানসনের সামনে অভিযান চালান। গাঁজার পুরিয়া বিক্রির সময় তাঁরা স্বপনকে গ্রেপ্তার এবং তাঁর কাছ থেকে ১৮০ পুরিয়া গাঁজা উদ্ধার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব কুমার দেবনাথ তাঁকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, আনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড প্রদান করেন।কাভার্ড ভ্যানসহ ভেজাল এনার্জি ড্রিংকস জব্দ: গাজীপুর সদর উপজেলার ভোগড়া এলাকায় গত শনিবার রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানা চালিয়ে তিন হাজার ২৪০ বোতল ভেজাল ও নিষিদ্ধ এনার্জি ড্রিংকসসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে একটি কাভার্ড ভ্যান ভেজাল ও নিষিদ্ধ এনার্জি ড্রিংকস নিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। গোপন সংবাদে তারা খবর পেয়ে সদর উপজেলার ভোগড়া এলাকায় ব্যারিকেড দিয়ে ভ্যানটি (ঢাকা মেট্রো ম-৫১-৩২০৭) আটক করে।