গাজীপুরে গাঁজাসহ তিন ব্যক্তি গ্রেপ্তার, জরিমানা, কারাদণ্ড
গাজীপুরে পৃথক ঘটনায় গতকাল বৃহস্পতিবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে চার কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে তিন ব্যক্তিকে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কালিয়াকৈর উপজেলার হরতকিতলা এলাকার মুনসের আলী (৫৫) ও সিদ্দিক মিয়া (৪৫) এবং সদর উপজেলার টঙ্গীর কেরানীটেক আমতলী এলাকার মিন্টু মিয়া (৪০)।জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গতকাল সকালে কালিয়াকৈর উপজেলার হরতকিতলা এলাকা থেকে মুনসের ও সিদ্দিককে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল কবির মুরাদ তাঁদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ডাদেশ দেন।এ ছাড়া একই দিনে টঙ্গীর কেরানীটেক আমতলী এলাকা থেকে চার কেজি গাঁজাসহ মিন্টুকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী হাকিম সৈয়দা নুরমহল আশরাফী তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস কারাদণ্ডাদেশ দেন।