গাজীপুরে গার্মেন্টসে আতঙ্ক পদদলিত হয়ে শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে একটি গার্মেন্টসে আগুনের ভয়ে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে পদদলিত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩০ জন আহত হন। হতাহত সবাই কারখানার মহিলা শ্রমিক।গতকাল শনিবার সকাল আটটার দিকে ম্যাট্রিক্স সোয়েটার লিমিটেডে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক ত্রুটির কারণে একটি টিউব বাতি শব্দ করে বিস্ফোরণ ও এতে ধোঁয়ার সৃষ্টি হলে ঘটনার সূত্রপাত হয়। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। নিহত শ্রমিকের নাম বিলকিস বেগম (৩৫)। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছালি গ্রামে। দোতলা থেকে নামার সিঁড়িতে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে স্থানীয় সুলতান জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।বিলকিসের মরদেহ স্বজনেরা গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যায়। ম্যাট্রিক্স সোয়েটার লিমিটেডের নির্বাহী পরিচালক তারিক চৌধুরী জানান, কারখানার পক্ষ থেকে নিহত শ্রমিকের পরিবারকে তিন লাখ টাকা ও আহত ব্যক্তিদের চিকিত্সার ব্যয়ভার বহন করা হবে।আহত শ্রমিক, কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, শব্দ ও ধোঁয়ায় শ্রমিকদের মধ্যে আগুনের আতঙ্ক ছড়ায়। এ অবস্থায় কারখানার সপ্তম তলায় ফায়ারম্যান ‘ফায়ার অ্যালার্ম’ বাজায়। এ সময় কারখানায় উপস্থিত আনুমানিক চার হাজার শ্রমিক অষ্টম তলা কারখানার প্রত্যেক তলা থেকে একযোগে সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করেন। ফলে পদদলনের ঘটনা ঘটে। নির্বাহী পরিচালক তারিক চৌধুরী বলেন, ‘কারখানায় ওঠানামার জন্য পাঁচটি সিঁড়ি আছে। সব সিঁড়ি উন্মুক্ত ছিল।’