উৎপাদন মজুরি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গতকাল রোববার গাজীপুরে গিভেন্সি শিল্প গ্রুপের তিনটি কারখানার শ্রমিকেরা ব্যাপক ভাঙচুর করেছেন। কয়েক শ শ্রমিক সকালে সদর উপজেলার রাজেন্দ্রপুর ও হোতাপাড়া এলাকায় সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। শ্রমিকদের হটাতে পুলিশ বলপ্রয়োগ করলে সংঘর্ষ বাধে। ১৩-১৪ রাউন্ড ফাঁকা গুলি করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।নতুন করে গোলযোগের আশঙ্কায় কারখানাগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ গিভেন্সি গ্রুপের কারখানা তিনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।ভাঙচুরের শিকার তৈরি পোশাক কারখানাগুলো হচ্ছে রাজেন্দ্রপুরের অদূরের গিভেন্সি গার্মেন্টস অ্যান্ড এক্সেসরিজ, হোতাপাড়া বাসস্ট্যান্ড এলাকার হোতাপাড়া গার্মেন্টস ও মণিপুর এলাকার জাহিন টেক্স লিমিটেড।সংশ্লিষ্ট সূত্রগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার গিভেন্সি গ্রুপের কারখানাগুলোয় শ্রমিকদের বেতন দেওয়া হয়। তখন থেকে শ্রমিকদের মধ্যে উৎপাদন মজুরি নিয়ে অসন্তোষ কাজ করছিল। এ নিয়ে শ্রমিকেরা শনিবার মালিকপক্ষের সঙ্গে কথা বলেন। কিন্তু আলোচনায় শ্রমিকেরা সন্তুষ্ট হতে না পেরে গতকাল সকাল থেকে ভাঙচুর চালান।প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল আটটার দিকে জাতীয় উদ্যানের প্রধান ফটকের উল্টো পাশে জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ অ্যান্ড এক্সেসরিজ (ইউনিট ৫ ও ৬) থেকে গোলযোগ শুরু হয়। এখানে কর্মরত চার হাজার শ্রমিক সকালে কারখানায় ঢুকলেও কাজে যোগ দেননি। সাড়ে আটটার দিকে শ্রমিকেরা একযোগে ছয়তলা ভবনের একতলা, দোতলা ও চারতলায় ভাঙচুর শুরু করেন। সকাল নয়টার দিকে তাঁরা কারখানাসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে সাত-আটটি গাড়ির কাচ ভাঙচুর করেন। এ সময় এ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে জয়দেবপুর থানা, শিল্পাঞ্চল ও দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আটটি গুলি ও চারটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।সহব্যবস্থাপক (প্রশাসন) আলতাফ হোসেন জানান, আন্দোলনকারীরা কারখানার প্রধান ফটক, দরজা-জানালা, মেশিনপত্র ভাঙচুর করে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছেন। সংঘর্ষের সময় উভয় পক্ষে ১৫ জন আহত হন। এঁদের মধ্যে ইটের আঘাতে শিল্পাঞ্চল পুলিশের উপপরিদর্শক শাহজাহান, কনস্টেবল গোপীনাথ, সাইফুল ইসলাম, মো. রাসেল, মো. শাহজালাল, দাঙ্গা পুলিশের কনস্টেবল শাহ আলম রয়েছেন। হোতাপাড়া বাসস্ট্যান্ড এলাকার কারখানা শ্রমিকেরা সকাল নয়টার দিকে বিক্ষোভ ও ভাঙচুর শুরু করেন। শ্রমিকেরা কারখানার দুটি গেট, নিরাপত্তাকর্মীদের অফিস, প্রশাসনিক দপ্তর, ডে কেয়ার সেন্টার, ভবনের জানালার কাচ, বিদ্যুৎ নিয়ন্ত্রণকক্ষ ভাঙচুর করেন। পরে তাঁরা কারখানাসংলগ্ন ময়মনসিংহ মহাসড়কে নেমে আসেন। শ্রমিকেরা সড়কের পাশে রাখা বৈদ্যুতিক খুঁটি দিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বাধে। পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। ১০টার পর এ মহাসড়কে আবার যান চলাচল শুরু হয়।কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মো. গিয়াসউদ্দিন জানান, শ্রমিকেরা প্রশাসনিক কার্যালয়ে রাখা সাতটি কম্পিউটার ভেঙে ফেলেন এবং ক্যাশ বাক্স ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে যান। শ্রমিকদের হাতে নিরাপত্তাকর্মী মোহাম্মদ আলী, মোশারফ হোসেন, শামীম আহত হন বলে তিনি দাবি করেন। শিল্পাঞ্চল পুলিশের সহ-উপপরিদর্শক কাজী শাওন জানান, হোতাপাড়ায় শ্রমিকেরা কর্তব্যরত পুলিশ সদস্যদের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি করে।মণিপুরের জাহিন টেক্স কারখানার শ্রমিকেরা সকাল নয়টার দিকে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ ও ভাঙচুর করেন। ব্যবস্থাপক (প্রশাসন) মিজানুর রহমান জানান, শ্রমিকদের হাতে কারখানার সহ-উৎপাদন ব্যবস্থাপক শওকত আলী, ফায়ারম্যান মোশারফ, আনোয়ার মণ্ডল, মাননিয়ন্ত্রক জাকারিয়া আহত হন।নাম প্রকাশ না করার শর্তে শ্রমিকেরা জানান, তিন মাস আগে কাজ কম ছিল। এখন কাজ বেশি। কিন্তু উৎপাদনমজুরি খুব কম। এতে তাঁরা খুবই আর্থিক কষ্টের মধ্যে দিন যাপন করছেন। তাঁরা জানান, মালিকপক্ষ উৎপাদনমজুরি বাড়াতে রাজি। কিন্তু কারখানার মধ্যস্তরের কয়েকজন কর্মকর্তা মালিকপক্ষকে ভুল বোঝাচ্ছেন।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান জানান, কারখানাগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।