গাজীপুরে গুলিবিদ্ধ দুই যুবকের লাশ উদ্ধার
ঢাকা বাইপাস সড়কের গাজীপুর সদর উপজেলার পুবাইল নাগদা সেতুর কাছে সড়কের পশ্চিম পাশের ঢাল থেকে গতকাল শুক্রবার গুলিবিদ্ধ দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ২৫ ও ৩০ বছরের নিহত যুবকদ্বয়ের কোনো পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।পুবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আবদুল করিম জানান, লাশ দুটিরই পেছন থেকে হাত, চোখ ও মুখ বাঁধা ছিল। ২৫ বছরের যুবকের পরনে ছিল কালো প্যান্ট ও কালো হাফশার্ট। তাঁর বাঁ কান ও চোখের পাশে দুটি গুলির চিহ্ন রয়েছে। অপর যুবকের পরনে ছিল কালো প্যান্ট এবং সাদা-হলুদ রঙের হাফশার্ট। তাঁর মাথায় একটি গুলির চিহ্ন রয়েছে। উদ্ধারের পর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। পুলিশ জানায়, কোনো খুনিচক্র যুবকদ্বয়কে অন্যত্র গুলি করে হত্যা করে লাশ গাড়ি দিয়ে এনে এখানে ফেলে রেখে গেছে। ঘটনাস্থলে খুনের কোনো আলামত উদ্ধার হয়নি।গত ১২ জুলাই একই এলাকায় ২৫ ও ৩০ বয়সী দুই যুবকের গুলিবিদ্ধ লাশ পুলিশ উদ্ধার করেছিল। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে ঘন ঘন লাশ পড়ে থাকায় তাঁরা উদ্বিগ্ন। জয়দেবপুর থেকে নারায়ণগঞ্জের ভুলতা পর্যন্ত এ সড়কে বাতি নেই। সড়কের দুই পাশে ঘন জঙ্গল আর নির্জন বিল। বাড়িঘর বা শিল্পকারখানা না থাকায় পুরো সড়ক অন্ধকারে ডুবে থাকে। এ সড়কে পুলিশি টহল বা চেকপোস্ট না থাকায় খুনিদের জন্য নিরাপদ রুট হিসেবে বিবেচিত হচ্ছে।