গাজীপুরে গৃহবধূ খুন, স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর শহরের মারিয়ালী এলাকায় গতকাল সোমবার দুর্বৃত্তরা এক ব্যাংক কর্মকর্তার পালক শিশুকন্যাকে বেঁধে রেখে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে। নিহতের নাম রুমা খান (৩২)। তিনি জেলার শ্রীপুরের দক্ষিণ বারতোপা এলাকার আবদুস সামাদ মৌলভীর মেয়ে। হত্যাকাণ্ডের সময় দুর্বৃত্তরা বাড়ির বিভিন্ন কামরা তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।নিহত রুমার পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় স্বামী গাজী আসলাম পারভেজ ভূঁইয়াকে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় নিহত রুমার মেজো বোন রুমেনা খান জয়দেবপুর থানায় উপস্থিত সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, রুমা খানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে রুমার স্বামী আসলাম পারভেজ জড়িত। তিনি আরও অভিযোগ করেন, আসলাম পারভেজের সঙ্গে একাধিক মেয়ের সম্পর্ক রয়েছে। নুসরাত নওসীন জানায়, গতকাল দুপুর দুইটার দিকে তিন যুবক ঘর ভাড়ার জন্য তাদের বাসায় আসে। তার মা খালি ঘর যুবকদের ঘুরিয়ে দেখান। একপর্যায়ে বাসা ভাড়ার জন্য আসা ওই তিন দুর্বৃত্ত তার মাকে গলায় গামছা পেঁচিয়ে ধরে। এ সময় তার মা বাঁচার জন্য ধস্তাধস্তি করলে যুবকেরা শ্বাসরোধে তাঁকে হত্যা করে মেঝেতে লাশ ফেলে রাখে। দুর্বৃত্তরা পাশের এক কক্ষে একটি চেয়ারের সঙ্গে নুসরাতকে হাত-পা ও মুখ বেঁধে রাখে। দুর্বৃত্তরা যাওয়ার সময় আলমারি ভেঙে ৬৬ হাজার ৫০০ টাকা, আট ভরি স্বর্ণালংকার ও মুঠোফোন সেট নিয়ে যায়। দুর্বৃত্তরা চলে গেলে নুসরাত চিৎকার করলে আশপাশের লোকজন এসে রুমাকে মৃত অবস্থায় উদ্ধার করে। আটক কৃষি ব্যাংক কর্মকর্তা আসলাম পারভেজ সাংবাদিকদের কাছে স্ত্রী হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম কামরুজ্জামান বলেন, নিহত রুমার ছোট ভাই নাইমুর রহমান খান থানায় মামলা করেছেন।