গাজীপুরে গৃহবধূ গুলিবিদ্ধ, অস্ত্রসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কাশিমপুর পশ্চিমপাড়া এলাকায় গত রোববার সখিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়েছেন। এলাকাবাসী অস্ত্র, গুলিসহ এক ব্যক্তিকে আটক করে র‌্যাবের কাছে সোপর্দ করেছে।এলাকাবাসীর ভাষ্যমতে, আশুলিয়ার তাজপুর এলাকার তজিবুর রহমানের স্ত্রী রহিমা আক্তার পারিবারিক কলহের জের ধরে সাত মাস আগে শ্বশুরবাড়ি ছেড়ে গাজীপুরের কাশিমপুর পশ্চিমপাড়া কসাইপট্টি এলাকায় বাবার বাড়িতে চলে আসেন। স্ত্রীকে আনতে রোববার বিকেলে তাঁর স্বামী তজিবুর রহমান (৪০) এক বন্ধুকে নিয়ে শ্বশুরবাড়িতে যান। এ সময় শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তজিবুরের কথা-কাটাকাটি হয়। সৃষ্টি হয় ব্যাপক উত্তেজনার। একপর্যায়ে তজিবুর তাঁর কোমর থেকে একটি পিস্তল বের করে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় একটি গুলি রহিমা আক্তারের বড় বোন সখিনা বেগমের হাতে লাগে। পরে এলাকাবাসী তজিবুরকে আটক করে র‌্যাবের হাতে সোপর্দ করে। তবে তজিবুরের বন্ধু পালিয়ে যেতে সক্ষম হয়।র‌্যাব-১-এর সদস্যরা একটি পিস্তল ও চারটি গুলিসহ তজিবুরকে জয়দেবপুর থানায় হস্তান্তর করেছে। গুলিবিদ্ধ সখিনাকে উদ্ধার করে রাতেই সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হারুন-উর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তজিবুরকে গতকাল সোমবার গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।