গাজীপুরে গৃহবধূ হত্যার দায়ে একজনের যাবজ্জীবন
গাজীপুরে গৃহবধূ ফিরোজা খাতুনকে অপহরণ, খুন ও গুমের দায়ে লোকমান হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত দায়রা জজ হোসনে আরা বেগম ওই রায় দেন। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, কাপাসিয়া উপজেলার কিত্তনীয়া গ্রামের মালয়েশিয়াপ্রবাসী জয়নাল উদ্দীনের স্ত্রী ফিরোজা খাতুন পাশের নয়ানগর গ্রামের লোকমান হোসেনের কাছে ৩৯ হাজার টাকা পেতেন। টাকা পরিশোধের কথা বলে ১৯৯৬ সালের ২১ অক্টোবর ফিরোজাকে নিজ গ্রামে ডেকে আনেন লোকমান। চার দিন পর ২৫ অক্টোবর লোকমানের বাড়ির ১০০ গজ দূরে ফিরোজার অর্ধগলিত লাশ পাওয়া যায়। এ ঘটনায় ফিরোজার ভাই মো. সিদ্দিক বাদী হয়ে লোকমানসহ ছয়জনকে আসামি করে হত্যা মামলা করেন। ১৯৯৯ সালে পুলিশ লোকমান, মোতালেব, নুরু মিয়া, আনোয়ারা বেগম, আবদুল খালেক ও ওসমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) নাসির উদ্দিন ফারুক বলেন, ‘সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত অন্যদের খালাস দিয়ে প্রধান আসামি লোকমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম সাজা দেন।’