গাজীপুরে গৃহবধূকে জবাই করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে শিউলী আক্তার নূপুর (২৮) নামে এক গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে।জানা গেছে, ঢাকার দোহার থানার বারহা গ্রামের রশিদ খানের মেয়ে শিউলী আক্তার নূপুরকে (২৮) দীর্ঘদিন আগে স্বামী বাবলু মিয়া তালাক দেন। তালাকের পর শিউলি খ্রিষ্টান ধর্মের জেমস মণ্ডল নামের এক ছেলেকে বিয়ে করে গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে বাস করতেন। পরবর্তী সময়ে তাঁর বর্তমান স্বামী খ্রিষ্টান ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্ম গ্রহণ করে নাম রাখেন আবদুর রহিম। গত বৃহস্পতিবার রাতে কে বা কারা ওই বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে ওই গৃহবধূকে জবাই করে হত্যা করে ঘরের মেঝেতে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে চক্রবর্তী ফাঁড়ির পুলিশ ওই দিন রাতেই শিউলীর লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠান। পুলিশ ধারণা করছে, পূর্বশত্রুতার জের ধরে ওই ঘটনা ঘটেছে।নিহত শিউলীর ভাই নূরুল ইসলাম জানান, আগের স্বামী জমি কিনে বোনের নামে দিয়েছিলেন। সেই জমি ফেরত না দেওয়ার জের ধরে তাঁর বোনকে হত্যা করা হয়েছে। তিনি বাদী হয়ে জয়দেবপুর থানায় আগের স্বামী বাবলু মিয়া ও তাঁর ছোট ভাই লাবলু মিয়াকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।চক্রবর্তী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাজাহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে।