গাজীপুরে গৃহবধূকে হত্যা স্বামী ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলায় গত বুধবার রাতে সন্ত্রাসীরা এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে। এ সময় তাঁর স্বামীকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
ওই গৃহবধূর নাম সেলিনা আক্তার (২৮)। তাঁর স্বামী আহত ফরহাদ মোল্লাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি সদর উপজেলার নয়াপাড়া এলাকায়।
নিহত গৃহবধূর পরিবার, এলাকাবাসী ও পুলিশ জানায়, সেলিনা দীর্ঘদিন ধরে পায়ের ব্যথায় ভুগছিলেন। গত বুধবার বিকেলে তিনি স্বামী ফরহাদ ও ছেলে মো. সিফাত মোল্লাকে (৭) সঙ্গে নিয়ে গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকার একটি চিকিৎসাকেন্দ্রে যান। সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে আটটার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে বৈরাগভিটা শালবন এলাকায় পৌঁছালে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী তাঁদের গতিরোধ করে। সন্ত্রাসীরা তিনজনের হাত-পা বেঁধে সেলিনাকে গলা কেটে হত্যা করে এবং ফরহাদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
এ সময় তাঁদের সন্তান সিফাত মুখ দিয়ে রশি খুলে পালিয়ে গিয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। গ্রামবাসী আহত ফরহাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।