গাজীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কানাইয়া গ্রামে গতকাল শুক্রবার ফাতেমা বেগম (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফাতেমার স্বামী ফজল খানের (৩৫) বিরুদ্ধে জয়দেবপুর থানায় হত্যা মামলা করেছেন ওই নারীর বাবা ফালু মিয়া। ঘটনার পর থেকে ফজল পলাতক।এজাহারে উল্লেখ করা হয়েছে, কানাইয়া গ্রামের ফজল খানের সঙ্গে ২০০২ সালে কালীগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের ফালু মিয়ার মেয়ে ফাতেমার বিয়ে হয়। তাঁদের সংসারে দুই ছেলেমেয়ে রয়েছে। বিয়ের পর বিভিন্ন সময়ে মোটা অঙ্কের যৌতুক আদায় করেন ফজল খান। কয়েক মাস ধরে তিনি আরও ৩৫ হাজার টাকা আনতে ফাতেমাকে চাপ দেন। ওই টাকা এনে দিতে ফাতেমা অস্বীকৃতি জানান। এ পর্যায়ে তাঁর ওপর নির্যাতন শুরু করেন ফজল। যৌতুক নিয়ে ঝগড়ার পর গত বৃহস্পতিবার রাত ১২টার পর কোনো একসময় ফাতেমাকে শ্বাসরোধ করে হত্যা করেন ফজল। এর পর তাঁর গলায় শাড়ি পেঁচিয়ে বাড়ির পাশের কাঁঠালগাছে ঝুলিয়ে রাখেন। গতকাল ভোরে এলাকাবাসী গাছের ডালের সঙ্গে ফাতেমার মৃতদেহ ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে নয়টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।মামলার তদন্ত কর্মকর্তা ও জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, এটি হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের পরই তা বোঝা যাবে।