গাজীপুরে গ্যাসলাইনের আগুন নিয়ন্ত্রণে, যান চলাচল শুরু
গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় আজ বৃহস্পতিবার রাতে গ্যাসলাইন ফেটে যে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল, তা নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেন করার জন্য দীর্ঘদিন ধরে কাজ চলছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় আজ বিকেলে একটি মাটি কাটার এক্সক্যাভেটর দিয়ে মাটি কাটার সময় তিতাসের ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইন ফেটে যায়। এর পর থেকে ওই স্থান থেকে অনবরত শো শো শব্দে গ্যাস বের হতে থাকে। গ্যাসের গন্ধও ছড়িয়ে পড়ে আশপাশে। সন্ধ্যা সোয়া সাতটার দিকে পথচারীদের ফেলে যাওয়া সিগারেটের আগুন থেকে বা অন্য কোনো উপায়ে ওই স্থানে আগুন ধরে। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুনের লেলিহান শিখা প্রায় ২০-২৫ ফুট ওপর পর্যন্ত উঠে যায়। এ সময় আগুন আশপাশের কয়েকটি দোকানে লেগে যায়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বন্ধ হওয়া যান চলাচল স্বাভাবিক হয়েছে। খবর পেয়ে গাজীপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।