গাজীপুরে গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে গতকাল বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সাত শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় চার গ্রাহককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিতাস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্নকরণের অংশ হিসেবে গতকাল দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা ও চান্দনা চৌরাস্তা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাত শতাধিক অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং রাইজার, পাইপ ও গ্যাসের চুলা জব্দ করা হয়। পরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরীন মাধবী লক্ষ্মীপুরা এলাকার লুৎফুর রহমানকে ১০ হাজার টাকা, দিলীপ কুমার দত্তকে ১০ হাজার টাকা ও নিত্যরঞ্জন শর্মাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে চান্দনা চৌরাস্তা এলাকায় শালবন ফুড অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে প্রতিষ্ঠানের ম্যানেজার মো. আকরামকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।