গাজীপুরে ঘাটের দখল নিয়ে হামলা, আহত ৪
গাজীপুরের কাপাসিয়ার টোক এলাকায় গতকাল শনিবার ব্রহ্মপুত্র নদের গঙ্গাবাজার ঘাট দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় চারজন গুরুতর আহত হয়েছেন। এঁদের মধ্যে বল্লমবিদ্ধ একজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক এলাকায় গত শুক্রবার বিকেলে খেয়া নৌকা দিয়ে নরসিংদীর মনোহরদী থেকে এসে কাপাসিয়া নামেন কাপাসিয়ার পাঁচুয়া এলাকার বিল্লাল হোসেন। এ সময় নৌকার মাঝি সুমন মিয়া (২২) তাঁর কাছে খেয়া পারাপারের জন্য এক টাকা ভাড়া চান। এতে বিল্লাল ভাড়া না দিয়ে সুমনকে গালাগাল করে ও হুমকি দিয়ে চলে যান।
পরদিন গতকাল শনিবার সকাল সাড়ে সাতটার দিকে সুমন ও তাঁর চাচাশ্বশুর তাইজ উদ্দিন (৫৫) টোক বাজারে যান। এ সময় বিল্লাল হোসেন তাঁর সহযোগীদের নিয়ে তাঁদের ওপর দা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। প্রতিপক্ষ সুমনের শরীরে বল্লম দিয়ে আঘাত করলে বল্লম শরীরের এক পাশ দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বেরিয়ে মাটিতে আটকে যায়। পরে উভয়কে দা দিয়ে কুপিয়ে জখম করে। তাঁদের উদ্ধার করতে এসে মো. মোস্তফা (৩২) ও আবদুল হাই (৫০) আহত হন। তাঁদের প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক। সুমন আড়ালিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। আহত অপর তিনজনের বাড়ি উপজেলার পাঁচুয়া গ্রামে।
খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ দেশীয় অস্ত্র নিয়ে দৌড়ে পালানোর সময় কাজল মিয়া (৪৫), তাঁর ভাই শাহাদাত (৫০) ও রফিককে (৩৫) গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে বল্লম, দা, ছড়া, রড উদ্ধার করা হয়েছে। কাপাসিয়া থানাধীন টোক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাবুল জানান, বিল্লাল হোসেনের বাবা কাজল মিয়া ওই ঘাটটি দখলের জন্য দীর্ঘদিন থেকে চেষ্টা করে আসছিলেন। সুমনদের সঙ্গে বিল্লালদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
কাপাসিয়া থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, গত শুক্রবারের ঘটনা নিয়ে গতকাল শনিবার স্থানীয়ভাবে সালিস হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই কাজল মিয়া লোকজন নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালান।