
উত্সবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট নেওয়া। এখন চলছে ভোট গণনা। আজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়া হয়। শুরু থেকেই কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের ব্যাপক উপস্থিতি। নির্বাচন উপলক্ষে সিটি করপোরেশন এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আজ দুপুর ১২টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে কমিশনের সচিব মোহাম্মদ সাদিক জানিয়েছিলেন, ওই সময় পর্যন্ত ৩৫ শতাংশ ভোট পড়েছিল। পরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচন কমিশন কার্যালয়কে জানানো হয়, বেলা তিনটা পর্যন্ত ৫৩ শতাংশ ভোট পড়েছে। ব্রিফিংয়ে মো. সাদিক জানান, রিটার্নিং কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে নির্বাচন কমিশন। দু-একটি কেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা তাত্ক্ষণিক ব্যবস্থা নিয়েছেন। নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান লড়ছেন দোয়াত-কলম প্রতীক নিয়ে। বিএনপি-সমর্থিত প্রার্থী এম এ মান্নানের প্রতীক টেলিভিশন। সিটি করপোরেশনে মোট ভোটার ১০ লাখ ২৬ হাজার ৯৩৯ জন। কেন্দ্র ৩৯২টি। প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা মিলিয়ে প্রায় আট হাজার কর্মকর্তা নির্বাচনের কাজে নিয়োজিত। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে ১১ হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে মোতায়েন রয়েছেন। গত ৭ জানুয়ারি গাজীপুর সিটি করপোরেশন গঠিত হয়। নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ২২ মে। প্রথমবারের মতো এ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
১৩ জনকে জরিমানা
র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মনজুর মোরশেদ সকাল ১০টার দিকে প্রথম আলো ডটকমকে জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে গাজীপুরের ২০ নম্বর ওয়ার্ডের মজলিসপুর এলাকায় টাকা ও লিফলেট বিতরণের সময় ১৩ জনকে আটক করেছে র্যাব। তাঁদের মধ্যে পুলিশের একজন কনস্টেবলও রয়েছেন।

তবে বেলা সাড়ে ১১টার দিকে মনজুর মোরশেদ জানান, আটক ব্যক্তিদের প্রত্যেককে নির্বাচন কমিশনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন হাজার টাকা করে জরিমানার পর সকাল সাড়ে ছয়টার দিকে ছেড়ে দেওয়া হয়েছে। ২০ নম্বর ওয়ার্ড (মজলিসপুর) বিএনপির সাধারণ সম্পাদক শুক্কুর আলী প্রথম আলো ডটকমকে বলেন, ভোরে ফজরের নামাজ আদায় করতে গেলে তাঁকে র্যাবের দুজন ধরে নিয়ে যান। পরে তাঁকে জানানো হয়, নির্বাচনী প্রচারের সময় শেষ হয়ে যাওয়ার পরও তাঁর লোকজন পোস্টার লাগিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন, তাই তাঁকে আটক করা হয়েছে। এরপর তাঁর কাছ থেকে তিন হাজার টাকা জরিমানা আদায় করে সকাল সাড়ে ছয়টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।