গাজীপুরে চার ইটভাটা বন্ধ
গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় ভুয়া পরিবেশ ছাড়পত্র তৈরি ও অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে পরিচালনার অপরাধে গতকাল রোববার চারটি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভাটাগুলোকে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়।ভাটাগুলো হচ্ছে: মেসার্স রমজান ব্রিকস, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস, মেসার্স এটিবি ব্রিকস ও মেসার্স কামরুল অ্যান্ড কোং।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কোনাবাড়ী এলাকায় ভুয়া ছাড়পত্র তৈরি করে ও ছাড়পত্রবিহীনভাবে দীর্ঘদিন ধরে ইটভাটা চালাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। অবৈধ ইটভাটার মাধ্যমে কৃষিজমির টপসয়েল (মাটির উপরিভাগ) নষ্ট, ফসল উৎপাদন ব্যাহত, জীববৈচিত্র্য ও বৃক্ষরাজির ক্ষতি এবং জনস্বাস্থ্য বিপন্ন করার অপরাধে গতকাল চার ইটভাটাকে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি এগুলো বন্ধও করে দেওয়া হয়েছে। এই ভাটাগুলোর প্রতিটি থেকে বছরে আনুমানিক দেড় লাখ টন করে গত ৮-১০ বছরে চার ভাটা থেকে ৪৭ লাখ টন কার্বন নির্গত হয়েছে, যা বায়ুমণ্ডলের ব্যাপক ক্ষতিসাধন করেছে।পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের অভিযানে সংশ্লিষ্ট ইটভাটার মালিকদের ওই দণ্ড প্রদান করে আগামী ১৫ দিনের মধ্যে সব স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।