গাজীপুরে চার কারখানাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশদূষণের অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর, টঙ্গী ও শ্রীপুর এলাকার চারটি কারখানাকে ৪৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার পরিবেশ অধিদপ্তর এ জরিমানা করেছে।
পরিবেশ অধিদপ্তর থেকে জানা গেছে, দূষণবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর গাজীপুরের বিভিন্ন এলাকার চারটি কারখানার মালিক ও প্রতিনিধিদের অধিদপ্তরে তলব করেন। পরে পরিবেশের ক্ষতিসাধনের জন্য চারটি কারখানাকে ৪৯ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকার অ্যাপেক্স লেনজারি লিমিটেডকে ৪০ লাখ, শ্রীপুর উপজেলার গিলারচালা এলাকার মেঘনা নিট কম্পোজিট লিমিটেডকে পাঁচ লাখ টাকা, টঙ্গী বিসিক শিল্প নগরের দিশারী ওয়াশিং প্ল্যান্টকে তিন লাখ টাকা ও বায়ো ফার্মা লিমিটেড নামের একটি ওষুধ কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
মো. আলমগীর জানান, প্রতিষ্ঠানগুলোর কারখানা থেকে সংগ্রহ করা তরল বর্জ্য পরীক্ষা এবং ত্রুটিপূর্ণ ইটিপি পরিচালনার দায়ে ওই জরিমানা করা হয়েছে। শুনানিতে অংশগ্রহণকারীরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।