গাজীপুরে ভাবিকে হত্যার দায়ে গতকাল বুধবার দুপুরে স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ দণ্ডাদেশ দেন। একই দিন স্কুলছাত্র মুশফিক হোসেন হত্যার দায়ে তরুণকে ভিন্ন মেয়াদে সাজা দেন গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
নারীকে হত্যার দায়ে দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার ভিটিরটেক এলাকার আফসার উদ্দিন ও তাঁর স্ত্রী রওশন আরা।
আদালত সূত্রে জানা গেছে, ভিটিরটেক এলাকায় জমির আইল কাটা নিয়ে ১৯৯৮ সালের ২৩ জানুয়ারি দুপুরে মুক্তিযোদ্ধা সফিউদ্দিন ও তাঁর স্ত্রী রহিমা খাতুনের সঙ্গে আফসার উদ্দিন ও তাঁর স্ত্রী রওশন আরা এবং মাইনুদ্দিন ও তাঁর স্ত্রী জরিনা খাতুনদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাইনুদ্দিন ও তাঁর বোন রওশন আরা তাঁদের ভাই সফিউদ্দিনকে দা দিয়ে এবং ভাবি রহিমা খাতুনকে কোদাল দিয়ে আঘাত করেন। এতে দুজনেই গুরুতর আহত হন। তাঁদের প্রথমে নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ৩০ জানুয়ারি রহিমা খাতুন মারা যান।
এ ঘটনায় রহিমা খাতুনের ভাই ফাইজুদ্দিন কাপাসিয়া থানায় মামলা করেন। মামলায় আফসার উদ্দিন, মাইনুদ্দিন, রওশন আরা ও জরিনাকে আসামি করা হয়। পরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলাটির বিচারকাজ শুরু হয়। কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু হানিফ ১৯৯৮ সালের ২৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১১ সালে মাইনুদ্দিন ও তাঁর স্ত্রী জরিনা মারা যান। এরপর দুজনকেই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
মামলার বাদীপক্ষের আইনজীবী গাজীপুর জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) মো. মকবুল হোসেন বলেন, বাদীপক্ষের ১৬ জনের সাক্ষ্য নিয়ে দীর্ঘ শুনানির পর মামলার রায় দেন বিচারক। এ সময় আসামি আফসার উদ্দিন ও তাঁর স্ত্রী রওশন আরা উপস্থিত ছিলেন।
এদিকে স্কুলছাত্র হত্যার ঘটনায় সাজাপ্রাপ্ত তরুণেরা হলেন পটুয়াখালীর বাউফল থানার দামপাড়া এলাকার মো. ওয়াহাব মিয়া (২৯) ও মো. বশির উদ্দিন (৩০)। শিশু অপহরণ, মুক্তিপণ দাবি ও আদায় এবং হত্যার দায়ে ওয়াহাব মিয়াকে যাবজ্জীবন ও দেড় লাখ টাকা জরিমানা এবং মুক্তিপণ দাবি, আদায় এবং হত্যার পর লাশ গুম করার দায়ে বশির উদ্দিনকে যাবজ্জীবন সাজা এবং ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহিদ মনসুর এ দণ্ডাদেশ দেশ।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি মো. ফজলুল কাদের বলেন, চাঁদপুরের ফরিদগঞ্জ থানার কেরুয়া গ্রামের মোবারক হোসেন স্ত্রী-সন্তান নিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। ২০১৩ সালের ২ নভেম্বর মৌচাক মাঠে বন্ধুদের সঙ্গে খেলা করতে গিয়ে মোবারকের ছেলে মুশফিক হোসেন রাতীম (৯) নিখোঁজ হয়। সে স্থানীয় মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় মোবারক কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে মুঠোফোনে মোবারকের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এরপর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন মোবারক। পরে পুলিশ ওয়াহাব ও বশির উদ্দিনকে গ্রেপ্তার করে। তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ মুশফিকের লাশ উদ্ধার করে। মামলার তদন্ত শেষে কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম ২০১৪ সালের ২৯ এপ্রিল দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।