গাজীপুরে চারটি ইটভাটা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট তৈরি করায় গতকাল বুধবার গাজীপুর সিটি করপোরেশনের জয়েরটেক ও বাইমাইল এলাকায় চারটি ভাটা উচ্ছেদ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম মোসাদ্দেক মেহেদী ইমামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উচ্ছেদ করা ইটভাটাগুলো হলো জয়েরটেক এলাকায় ইসমাইল হোসেনের মালিকানাধীন মেসার্স ইসমাইল অ্যান্ড কোং ও নাজিম উদ্দিনের মেসার্স এমএইচবি ব্রিকস, বাইমাইল এলাকায় জিয়াউল আলমের মেসার্স আলম ব্রাদার্স সিন্ডিকেট ও ফজলু মিয়ার ব্রিক লিংকাস ব্রিকস লিমিটেড।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকালে অভিযান শুরু হয়ে বিকেলে শেষ হয়। অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় চারটি ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিভিয়ে দেন। পরে ড্রেজার দিয়ে ভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

এ সময় সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক সোনিয়া সুলতানা, পরিবেশ অধিদপ্তরের (সদর দপ্তর) সহকারী পরিচালক সালমান রহমান, জেলা কার্যালয়ের পরিদর্শক মির্জা আসাদুল কিবরিয়া, অনিতা ঘোষ ও উত্তম কুমার এবং হিসাবরক্ষক জিয়াউর রহমান। তাঁদের সহযোগিতা করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

উপপরিচালক সোনিয়া সুলতানা বলেন, ওই সব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। গাজীপুর সিটি করপোরেশন এলাকায় অবৈধভাবে অনেক ইটভাটা কার্যক্রম চালাচ্ছে। উচ্চ আদালতে রিট করায় ওই সব ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।