গাজীপুরে চারটি কারখানার বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের
তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) না থাকার কারণে গাজীপুরের কোনাবাড়ী এলাকার চারটি কারখানার বিরুদ্ধে মামলা করার জন্য পরিবেশ অধিদপ্তরকে ভ্রাম্যমাণ আদালত নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত কারখানাগুলো হচ্ছে—কোনাবাড়ীর মোয়াজ্জেম নিটিং অ্যান্ড ডায়িং, ক্লাসিক অ্যাটায়ার্স, সরদার অ্যাপারেলস এবং এম এস নিটওয়্যার। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন ফারজানার নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর ও পণ্যের মান নিয়ন্ত্রণ সংস্থা (বিএসটিআই) যৌথভাবে আদালতটি পরিচালনা করে। আদালতের অন্য সদস্যরা হলেন—পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক সুকুমার বিশ্বাস, সহকারী পরিচালক ইউসুফ আলী ও শেখ নাজমুল হুদা, বিএসটিআইয়ের পরিদর্শক মো. আখতারুজ্জামান ও মাহবুবুর রহমান।সুকুমার বিশ্বাস জানান, বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও ওই চারটি কারখানা পরিবেশ ছাড়পত্র গ্রহণ ও তরল বর্জ্য শোধনাগার নির্মাণ করেনি। কারখানা চারটির বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা হবে।এ ছাড়া আদালত নিষিদ্ধ পলিথিন ব্যবহারের কারণে কোনাবাড়ীর আল-মদিনা ফুড গার্ডেনকে পাঁচ হাজার টাকা এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য বিক্রির অভিযোগে বিউটি সুইটমিটকে ২০ হাজার টাকা জরিমানা করেন।