গাজীপুরে চারতলা থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু
গাজীপুর সদর উপজেলার চৌরাস্তা এলাকায় গতকাল বৃহস্পতিবার একটি নির্মাণাধীন ভবনের চারতলার দেয়ালে রঙের কাজ করতে গিয়ে নিচে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক শ্রমিক।
নিহত রংমিস্ত্রির নাম মো. ফারুক হোসেন (২৩)। আহত সুরুজ মিয়াকে (২২) টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।
চিকিৎসক ও শ্রমিকেরা জানান, গতকাল সকালে সদর উপজেলার চৌরাস্তা এলাকার ডি-ল্যান্ড কমপ্লেক্স ভবনের চারতলার দেয়ালে টাঙানো মাচায় বসে রঙের কাজ করছিলেন পিটিসিএল কসস্ট্রাকশন কোম্পানির শ্রমিক মো. ফারুক ও সুরুজ মিয়া। ওই সময় তাঁদের মাথায় হেলমেটসহ অন্য কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। হঠাৎ মাচা ভেঙে নিচে পড়ে গিয়ে তাঁরা গুরুতর আহত হন।
তাঁদের উদ্ধার করে দুপুর পৌনে ১২টার দিকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক মাহফুজা আক্তার ফারুককে মৃত ঘোষণা করেন। সুরুজ মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, পুলিশ ফারুকের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।