গাজীপুরে চালককে খুন করে দুর্বৃত্তদের অটোরিকশা লুট
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার এক চালককে হত্যা করে অটোরিকশা লুট করেছে দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার রাখালিয়াচালার পাকারমাথা এলাকার গজারি বন থেকে চালক হায়দার আলীর (২৭) লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, হায়দারের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গেন্দিপুরী গ্রামে। তিনি রাখালিয়াচালা এলাকায় একটি ভাড়া বাড়িতে থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। গত বৃহস্পতিবার সকালে তিনি অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
গতকাল বেলা তিনটার দিকে রাখালিয়াচালার পাকারমাথা এলাকার গজারি বনে হায়দারের লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ বিকেল সাড়ে পাঁচটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
হায়দারের বড় ভাই নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে হায়দারের সঙ্গে তাঁর শেষ কথা হয়। তখন তিনি বলেন, কিছু সময়ের মধ্যেই বাড়িতে ফিরছেন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। সকালে হায়দারের মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।