গাজীপুরে চুলা বিস্ফোরণ, নয়টি ঘর ছাই
গাজীপুর সদর উপজেলার ভবানীপুরের মেম্বারবাড়ি এলাকায় গতকাল শুক্রবার সকালে কেরোসিনের চুলা (স্টোভ) বিস্ফোরিত হয়ে আগুন ধরে নয়টি ঘর পুড়ে গেছে।
এলাকাবাসী ও দমকল বাহিনী সূত্র জানায়, ভবানীপুরের মেম্বারবাড়ি এলাকার আবুল কালাম আধাপাকা ঘর তুলে ভাড়া দিয়েছেন। ওই বাড়ির ভাড়াটিয়া সবুজ সকালে তাঁর কক্ষে কেরোসিনের চুলার আগুনে রান্নার হাঁড়ি চড়িয়ে ঘরের দরজা চাপিয়ে রেখে বাইরে অন্য কাজ সারতে যান। একপর্যায়ে সকাল নয়টার দিকে ওই চুলাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে তাঁর কক্ষে আগুন ধরে এবং দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনে পাশের আরও আটটি বসতঘর ও প্রতিটি ঘরে থাকা টিভি, রেফ্রিজারেটর, ফ্যান, জামা-কাপড়সহ সব মালামাল পুড়ে যায়। তবে ওই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে গাজীপুর দমকল বাহিনীর কর্মীরা সেখানে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু জাফর বলেন, আগুন লাগার কারণ জানা গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।