গাজীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামে গতকাল শুক্রবার দিবাগত রাতে গণপিটুনিতে তিন ব্যক্তি নিহত হয়েছেন। সিএনজিচালিত অটোরিকশা চুরির অভিযোগে তাঁদের গণপিটুনি দেন এলাকাবাসী।
নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম নুরুল ইসলাম (৩০)। সোহাদিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে তিনি। প্রাথমিকভাবে বাকি দুজনের পরিচয় জানা যায়নি। ওই দুজনের বয়স ৩০-এর কাছাকাছি।
খবর পেয়ে আজ শনিবার সকাল নয়টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। তিনজনের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন উল কাদির।
পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, বরমী ইউনিয়নের গিলাশর এলাকার একটি বাড়িতে গতকাল দিবাগত রাতে ওই তিন ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশা চুরি করতে যান। এ সময় বাড়ির লোকজন তাঁদের দেখে চিত্কার শুরু করেন। এতে আশপাশের লোকজন বেরিয়ে আসেন। এলাকাবাসী ওই তিন ব্যক্তিকে ধাওয়া করেন। রাত আড়াইটার দিকে সোহাদিয়া গ্রামে তাঁদের আটক করেন এলাকাবাসী। পরে এলাকাবাসী ওই তিনজনের হাত-পা বেঁধে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে আজ সকাল নয়টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। হাত-পা বাঁধা অবস্থায় তারা তিনটি লাশ পড়ে থাকতে দেখে। লাশ তিনটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গ পাঠায় পুলিশ।
শ্রীপুর থানার ওসি মহসীন উল কাদির জানান, নিহত ব্যক্তিদের মধ্যে নুরুল ইসলামের বিরুদ্ধে অটোরিকশা চুরি ও এর চালককে হত্যার অভিযোগে শ্রীপুর থানায় একটি মামলা রয়েছে।