গাজীপুরে ছাত্র-পুলিশ সংঘর্ষ সড়ক অবরোধ আহত ১০
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদাবনতির প্রতিবাদে গাজীপুর সদর উপজেলার শিমুলতলী এলাকায় গতকাল শনিবার সকালে ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। ওই ঘটনার পর কর্তৃপক্ষ এক সপ্তাহের ছুটি ঘোষণা করেছে। পুলিশ ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার শিমুলতলী এলাকায় অবস্থিত মডেল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (মিস্ট) শিক্ষার্থীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদাবনতির প্রতিবাদে গতকাল বেলা ১১টার দিকে বিক্ষোভ করে। একপর্যায়ে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে শিমুলতলী-গাজীপুর সড়কে অবরোধ সৃষ্টি করে।সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় ছাত্ররা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ লাঠিপেটা করে ছাত্রদের সড়ক থেকে সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।