গাজীপুরে জেলা ছাত্রলীগের বর্ধিত সভায় বক্তব্য দেওয়া নিয়ে গতকাল শুক্রবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের ছয়জন কর্মী আহত হন।এ সময় আতঙ্কে পথচারী ও শহরের রাজবাড়ী সড়কের পাশের মার্কেটের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দিগ্বিদিক ছোটেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ১৬ অক্টোবর জেলার শ্রীপুর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে গতকাল বিকেলে আওয়ামী লীগের জেলা কার্যালয় প্রাঙ্গণে জেলা ছাত্রলীগের বর্ধিত সভা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি হীরা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সময় বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বক্তব্য দিতে এলে তাঁকে বাধা দেন পৌর ছাত্রলীগের আহ্বায়ক কাজল। এ নিয়ে দুজনের মধ্যে বাগিবতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা দুই ভাগ হয়ে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু করেন। এ সময় পলাশ, সাব্বিরসহ ছাত্রলীগের ছয়জন কর্মী আহত হন। তাঁদের মধ্যে পলাশ ও সাব্বিরকে গাজীপুর সদর হাসপাতালে এবং অন্যদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জেলা ছাত্রলীগের সভাপতি হীরা সরকার সাংবাদিকদের কাছে দাবি করেন, সভায় পাল্টাপাল্টি ধাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সোয়েব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বক্তব্য দেওয়া নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।