গাজীপুরে ছাত্রসহ দুজন নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরিয়ার সাদত
শাহরিয়ার সাদত
সেলিম মিয়া
সেলিম মিয়া

গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকার এক বিশ্ববিদ্যালয় ছাত্র ও কালিয়াকৈর উপজেলার জাথালিয়া এলাকার বাউলগানের এক বংশীবাদকের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। দুজনের পরিবার সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
নিখোঁজ দুজন হলেন বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাহরিয়ার সাদত (১৮) ও জাথালিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সেলিম মিয়া (৩৭)।
পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের বাউলগানের বংশীবাদক সেলিম মিয়া ১৪ দিন ধরে নিখোঁজ। সেলিম মিয়ার স্ত্রী রাশেদা বেগম গত শনিবার কালিয়াকৈর থানায় জিডি করেছেন। রাশেদা বেগম বলেন, সেলিম মিয়া বিভিন্ন স্থানে বাউলগানের আসরে বাঁশি বাজিয়ে জীবিকা নির্বাহ করেন। তিনি ময়মনসিংহের একটি বাউলগানের আসরে বাঁশি বাজানোর কথা বলে ১৬ জানুয়ারি বিকেলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফেরেননি। তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ রয়েছে।
কালিয়াকৈর থানার ওসি আব্দুর মোতালেব মিয়া জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে বোর্ডবাজার এলাকায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাহরিয়ার ২৭ জানুয়ারি নিখোঁজ হন। সকালে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে তিনি আর ক্লাসে যাননি। তাঁর ব্যবহৃত দুটি মুঠোফোনই বন্ধ পাওয়া যাচ্ছে। শনিবার শাহরিয়ারের ফুফাতো ভাই রুহুল কুদ্দুস জয়দেবপুর থানায় জিডি করেন।

রুহুল কুদ্দুস বলেন, শাহরিয়ার সাদত দিনাজপুর সদরের পাটুয়াপাড়া এলাকার মৃত রহিসুল হকের ছেলে। স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তাঁকে পাওয়া যায়নি।

জয়দেবপুর থানাধীন ভোগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, বিভিন্ন সূত্র ধরে শাহরিয়ারকে
খোঁজা হচ্ছে।