গাজীপুরে ছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রী ধর্ষণ মামলায় গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকার ইয়াকুব আলী সিকদার উচ্চবিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. আয়ুবুর রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।গতকাল রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গাজীপুর জেলা জজ আদালতের বিচারক ফাতেমা নজিব ওই রায় দেন। আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকার ইয়াকুব আলী সিকদার উচ্চবিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. আয়ুবুর রহমান ২০০৫ সালের এসএসসির এক পরীক্ষার্থিনীকে (১৫) সাজেশন দেওয়ার কথা বলে বোরকা পরে তাঁর বাড়িতে যেতে বলেন। শিক্ষকের কথামতো ২০০৫ সালের ২৩ নভেম্বর বোরকা পরে বাসযোগে কাপাসিয়া শীতলক্ষ্যা ব্রিজের পশ্চিম পাড়ে নেমে হেঁটে ব্রিজের পূর্ব পাড়ে গেলে ওই শিক্ষক অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির সহায়তায় চোখে-মুখে গামছা চেপে ধরলে ভিকটিম অচেতন হয়ে যায়। তাকে একটি বাসে তুলে গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানা রোডে অবস্থিত মডার্ন আবাসিক হোটেলে নিয়ে আসা হয়। পরে ওই হোটেলের তৃতীয় তলার একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন ওই শিক্ষক।মামলার বাদীপক্ষের আইনজীবী রেজাউর রহমান জানান, ওই মামলার রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।