গাজীপুরে ছিনতাইকারীর গুলিতে যুবক আহত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা জোড়াপাম্প এলাকায় গত শুক্রবার দিবাগত রাতে ছিনতাইকারীর গুলিতে এক যুবক আহত হয়েছেন। ছিনতাইকারীর হামলায় আহত হয়েছেন আরও চারজন। গুলিবিদ্ধ মো. বাবুর (২৭) বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায়। তিনি স্থানীয় একটি কারখানার শ্রমিক বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন ঢাকার সাভারের মিটন এলাকার ব্যবসায়ী কফিল উদ্দিন। সঙ্গে ছিলেন তাঁর বোনের ছেলে হাবিবুর রহমান। তাঁরা কালিয়াকৈর উপজেলার চন্দ্রা জোড়াপাম্প এলাকায় পৌঁছালে একদল ছিনতাইকারী একটি ব্যক্তিগত গাড়ি নিয়ে তাঁদের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে মোটরসাইকেল লুট করতে চাইলে তাঁরা চিৎকার দেন। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় ছিনতাইকারীদের ছোরার আঘাতে ও মারধরে ব্যবসায়ী কফিল উদ্দিন ও হাবিবুর রহমানসহ চারজন আহত হন। পরে ছিনতাইকারীরা কয়েকটি গুলি করে পালিয়ে যায়। ছিনতাইকারীদের ছোড়া গুলি পথচারী মো. বাবুর বাঁ পায়ের উরুতে বিদ্ধ হয়। পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। গুলিবিদ্ধ বাবুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।