গাজীপুরে ছেলের হাতে বাবা খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছেলের লাঠির আঘাতে মো. আফাজ উদ্দিনের (৫৫) মৃত্যু হয়েছে। গাজীপুর সদর উপজেলার ধীরাশ্রম এলাকায় গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আফাজ উদ্দিন টঙ্গীর টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) ভান্ডাররক্ষক ছিলেন।পুলিশ ও এলাকাবাসী জানান, ধীরাশ্রম এলাকার আফাজ উদ্দিনের ছেলে কাউসার গতকাল সকাল সাড়ে নয়টার দিকে লোকজন নিয়ে বাড়ির পাশের এক টুকরো জমি বিক্রির জন্য মেপে খুঁটি পুঁততে থাকেন। এ সময় আফাজ উদ্দিন তাকে বাধা দেন। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে কাউসার উত্তেজিত হয়ে লাঠি দিয়ে বাবাকে পেটাতে থাকেন। হঠাৎ মাথায় আঘাত লাগলে আফাজ উদ্দিন মাটিতে পড়ে নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।আফাজের চাচাতো ভাই নাসির উদ্দিন জানান, কাউসার তাঁর বাবার জমি জোর করে বিক্রি করতে চাইছিলেন। আফাজ তা বিক্রি করতে না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করা হয়। জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পরই কাউসার এলাকা ছেড়ে পালিয়েছেন।