পরিবেশদূষণের দায়ে গাজীপুরের সদর উপজেলার ছয়টি কারখানাকে ৯৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ ছাড়া একটি কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং ও এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে একটি দল গতকাল সকাল থেকে সদর উপজেলার কোনাবাড়ী ও কাশিমপুর ইউনিয়নের পশ্চিম শৈলডুবি, সুরাবাড়ি, নয়াপাড়া ও জরুন এলাকায় অভিযান চালান। এ সময় পরিবেশদূষণের ভয়াবহ চিত্র দেখা যায়। কারখানাগুলো বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) থাকার পরও খরচ কমাতে তা বন্ধ রেখে বর্জ্য আশপাশের নদী ও খালে ফেলছিল। পরিবেশদূষণের দায়ে পরিবেশ অধিদপ্তর ডেল্টা ডাইং লিমিটেড, মল্লিক ফেব্রিকস লিমিটেড, মুনটেক্স ফেব্রিকস লিমিটেড, কেয়া নিট কম্পোজিট লিমিটেড, জারা নিট কম্পোজিট লিমিটেড ও কনভিন্স ডাইং ইন্ডাস্ট্রিজকে ৯৬ লাখ নয় হাজার টাকা জরিমানা করে। এর মধ্যে ইটিপি না থাকায় মল্লিক ফেব্রিকস লিমিটেডের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।