গাজীপুরে জমজমাট হয়ে উঠেছে ঈদের বাজার
রাজধানী লাগোয়া জেলা শহর গাজীপুরে ঈদের বাজার বেশ জমে উঠেছে। শহরের বড় ও নামী ব্যবসাকেন্দ্রগুলোতে গত সপ্তাহের শুরু থেকেই ক্রেতাদের ভিড়। ব্যবসায়ী ও ক্রেতা উভয়ই মানছেন গাজীপুরে এবারের ঈদবাজারের চিত্র অন্য বছরের চেয়ে ভিন্ন। কারণ, গাজীপুরের সচ্ছল শ্রেণীর উত্তরায় কেনাকাটার যে রেওয়াজ গড়ে উঠেছে, এবার তার ব্যত্যয় ঘটেছে। অনেকেই নিজ জেলা শহরে কেনাকাটা সারছেন। এঁদেরই একজন আবাসন ব্যবসায়ী হাফিজ উদ্দিন। ঈদের কেনাকাটা কোথায় করছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেনাকাটা করি বা না করি; ঢাকা যে যাব না, এটা জোর দিয়ে বলতে পারি’। তাঁর মতো অনেকের এই ঢাকাভীতির কারণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। এই মহাসড়কে যাঁরা ভোগান্তিতে পড়েছেন, তাঁদের অভিজ্ঞতা খুবই তিক্ত। তবে নতুন শ্রেণীর ক্রেতা পেয়ে ব্যবসায়ীরা খুশি। গাজীপুর শহরের প্রধান সড়ক রাজবাড়ী সড়কের পাশে মোশারফ টাওয়ার। প্রথমা, টাঙ্গাইল শাড়ি মেলা, রঙ পাঞ্জাবি বাজার, গ্রামীণ বুনন, পার্বণ, নবসাজ, পিরানস, ময়ূর প্রভৃতি নামীদামি ব্র্যান্ডের দোকান এই টাওয়ারে অবস্থিত। গত শুক্রবার সকালে সেখানে দেখা যায় বেশ ভিড়। বাবা-মায়ের সঙ্গে শিশু-কিশোর, তরুণ-তরুণীরা কেনাকাটা করছে। চাকরিজীবী কানিজ নাজমা চার বছরের মেয়ে ও ছোট বোনকে নিয়ে কেনাকাটা করছেন। কী কিনছেন—জবাবে তিনি দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, ‘আর কেনাকাটা! কিনতে পারলাম কোথায়! দাম অস্বাভাবিক বেশি মনে হচ্ছে।’প্রথমার সংগ্রহে মেয়েদের সালোয়ার-কামিজ, স্কার্ট, কুঁচকানো জামা। পিরানসের স্বত্বাধিকারী সাজেদুল ইসলাম বলেন, মেয়েদের খাটো ঝুলের কামিজ, লম্বা কামিজ, ছেলেদের বাহারি রঙ আর নকশার ফতুয়া ও পাঞ্জাবি বেশ চলছে। দাম এক হাজার ২০০ থেকে পাঁচ হাজার ৭০০ টাকার মধ্যে। গ্রামীণ বুননের একজন বিক্রয়কর্মী বলেন, ‘সালোয়ার, কামিজ ও ওড়নায় হালকা হাতের কাজ ও নকশা করে বিশেষত্ব আনার চেষ্টা ছিল আমাদের। এ কারণে এবার বিক্রিও ভালো।’ফ্যাশনসচেতন মধ্যবিত্তের পছন্দ গ্রামীণ চেক। রাজবাড়ী সড়কের পাশে পৌর সুপার মার্কেটের দোতলায় গ্রামীণের বড় শো রুম। গ্রামীণের ব্যবস্থাপক জানান, ‘আমরা ক্রেতাদের বয়স, রুচি, মনন—এসবের দিকে খেয়াল রেখে নকশা ও রঙ বাছাই করি। ক্রেতারা তুলনামূলক কম দামের কাপড়ে আরাম ও স্বাচ্ছন্দ্য খোঁজেন।’শহরের বয়োজ্যেষ্ঠদের কেনাকাটার ক্ষেত্রে প্রথম পছন্দ জয়দেবপুর বাজারের মানিক বস্ত্রালয়। এই দোকানে বিয়ের শাড়ি, জামদানি, তাঁতের শাড়ি, কাতান, থান কাপড়, থ্রি পিস, লুঙ্গি, পাঞ্জাবি কিংবা বিছানার চাদরসহ সবকিছুই পাওয়া যাচ্ছে। দোকানের স্বত্বাধিকারী অজিত চৌধুরী বলেন, স্বল্পবিত্ত বা বিত্তবান—সব শ্রেণীর কথা মাথায় রেখে আমরা দোকানে কাপড় তুলি। তিনি বলেন, প্রতিবছর নিত্যনতুন বাহারি নাম, রঙ আর নকশার কাপড়ের প্রচলন আসে। এবার চলছে মাসাক্কালি, দাবাং, সানন্দা কাতান, শিফন, সীমার জর্জেট, কাদুয়ান নামের কাপড় ও শাড়ি। বাচ্চাদের পোশাকের মধ্যে পাগলু, শিলা কি জওয়ানির চাহিদা বেশি। শুক্রবার সরকারি ছুটি থাকায় দুপুরের পর দেখা যায়, দোকানের ভেতরে-বাইরে প্রচণ্ড ভিড়। অজিত চৌধুরী বলেন, বেশি দামের শাড়ি মাসাক্কালি। দাম ৭৫ হাজার টাকা। সুমনা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী সুভাষ চন্দ্র সাহা বলেন, মাঝারি দামের শাড়ি বেশি বিক্রি হচ্ছে। রাজশাহী সিল্ক, জামদানি জর্জেট শাড়ির প্রতিই ক্রেতাদের আগ্রহ বেশি।নিম্ন আয়ের মানুষের কেনাকাটার জন্য পছন্দের মফিজ হকার্স মার্কেট। জয়দেবপুর বাজার-বাসস্ট্যান্ড সড়কের এই মার্কেটে তৈরি কাপড়, শাড়ি, কসমেটিকস, জুতাসহ সব ধরনের সামগ্রীর দোকান আছে। বেচাকেনাও বেশ ভালো। শুক্রবার বিকেলে এ মার্কেটে গিয়ে উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। ঈদে নারীদের কেনাকাটার বড় অংশ জুড়ে থাকে কসমেটিকস। পোশাকের সঙ্গে মিলিয়ে চুড়ি, ব্রেসলেট, গয়না, ক্লিপ, লেস, কেনার দিকেই নারীদের আগ্রহ। সেই সঙ্গে তাঁদের পছন্দ টিউবে ভরা মেহেদি। শহরের সিঙ্গাপুর মার্কেট, সকাল-সন্ধ্যা, রুমঝুম, বিসমিল্লাহ, সাগর বিপণিবিতান, মনি কসমেটিকস প্রভৃতি দোকান নারীদের কসমেটিকসের চাহিদা মেটাচ্ছে।