গাজীপুরে জমি দখল করতে গিয়ে র্যাবের হাতে আটক ৫৫
গাজীপুর সদরের পূবাইলে গতকাল সোমবার জমি দখল করার সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) সদস্যরা ৫৫ জনকে আটক করেছেন। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া একটি মাইক্রোবাস, একটি প্রাইভেট কার ও আটটি মোটরসাইকেল আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বেশির ভাগেরই বাড়ি গাজীপুর শহরে এবং তারা ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী।সোমবার রাতে এই সংবাদ লেখার সময় গ্রেপ্তার ব্যক্তিদের র্যাব-১ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল বলে জানায় জয়দেবপুর থানার পূবাইল ফাঁড়ির পুলিশ।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পূবাইল কলেজগেট এলাকায় খিলগাঁও মৌজায় ১২ শতাংশ জমি নিয়ে স্থানীয় মকবুল শেখের সঙ্গে সুমন শেখের বিরোধ চলে আসছে। গতকাল বেলা ১২টার দিকে সুমন শেখের নেতৃত্বে ৬০-৭০ জন সন্ত্রাসী মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাসের বহর নিয়ে জমি দখল করতে যায়। এ সময় সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে এলাকায় ত্রাস সৃষ্টি করে।মকবুল শেখের অভিযোগ, সুমন শেখের নেতৃত্বে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে তাঁকে ধাওয়া করে। তিনি একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে আত্মরক্ষা করেন। তিনি জানান, বেলা দুইটার দিকে বিপুলসংখ্যক র্যাব সদস্য ঘটনাস্থলে গিয়ে চারদিক ঘেরাও করে ৫৫ জনকে আটক করেন।র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার আবদুল বাতেন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, সন্ত্রাসীদের কাছ থেকে দুটি গুলিভর্তি একটি বিদেশি পিস্তল, রামদা, পাঁচটি ছোরা, সাতটি বল্লম ও হকিস্টিক উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাদের ব্যবহূত গাড়িও আটক করা হয়েছে।আটক ব্যক্তিদের মধ্যে সুমন শেখ, আলমগীর হোসেন, বাক্কা সুমন, কালা মানিক, মেহেদী, রকিব, বাবু, শফিক, হাতকাটা শিপন, মোমেন খন্দকার, আমজাদ মোল্লা, রিয়াজ উদ্দিন ও আল-আমিনের নাম জানা গেছে।