গাজীপুরে জমি নিয়ে সংঘর্ষে রক্ষী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে আজ শুক্রবার ভোরে দুটি কারখানার জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় একজন রক্ষী নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন। উপজেলার জৈনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রক্ষীর নাম আবদুস সালাম (৩৫)। তিনি ময়মনসিংহের ভালুকায় আরিফ স্পিনিং মিলে কাজ করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের উপপরিদর্শক মো. আক্তারুজ্জামান প্রথম আলো ডটকমকে জানান, জৈনা বাজার এলাকায় গুলশান স্পিনিং মিল ও গাজীপুরের সীমান্তবর্তী ময়মনসিংহের ভালুকা এলাকার আরিফ স্পিনিং মিলের মধ্যে জমি নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলছে। গুলশান স্পিনিং মিলের দখলে থাকা বেশ কিছু জমি আরিফ স্পিনিং মিলের লোকজন তাঁদের নিজস্ব বলে দাবি করে আসছে।

আজ ভোরে আরিফ স্পিনিং মিলের লোকজন ওই জমি দখল করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে গুলশান স্পিনিং মিলের রক্ষীর ছোড়া গুলিতে আরিফ স্পিনিং মিলের রক্ষী আবদুস সালাম নিহত হন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, ওই এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে এখনো কেউ গ্রেপ্তার  হয়নি। কোনো মামলাও হয়নি।