গাজীপুরে জরাজীর্ণ সেতুর ওপর বেইলি সেতু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরদল এলাকায় জরাজীর্ণ সেতুটির মেরামত শুরু হয়েছে। গত শনিবার কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়কের ঝুঁকিপূর্ণ এ সেতুর ওপর বেইলি সেতু বসানোর কাজ শুরু করেছে গাজীপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
সওজ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস সড়ক থেকে ধামরাই এলাকায় চলাচলের ওই আঞ্চলিক সড়কের কিছু অংশ গাজীপুর এবং কিছু অংশ ঢাকায় পড়েছে। ওই সড়কে বেশ কয়েকটি সেতু দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে আছে। এর মধ্যে বরদল এলাকার সেতুটি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সেতুর কিছু অংশ দেবে যায়। এ নিয়ে ২১ মার্চ প্রথম আলোয় ‘গাজীপুরে জরাজীর্ণ সেতু দিয়েই চলছে যানবাহন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে গাজীপুর সওজ দ্রুত সেতুটি মেরামতের উদ্যোগ নেয়।
গত রোববার সরেজমিনে দেখা যায়, সেতুটির দেবে যাওয়া অংশে অস্থায়ী বেইলি সেতু বসানো হচ্ছে। সেতুটির নির্মাণকাজ চলায় সড়কের দুদিকেই যান চলাচল সাময়িকভাবে বন্ধ আছে।
কালিয়াকৈর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবদুল হাই বলেন, সেতুটি মেরামতের কাজ শুরু করায় এলাকাবাসী এবং ওই পথে চলাচলকারী যানবাহন কিছুটা হলেও ঝুঁকিমুক্ত থাকবে। তবে এটি স্থায়ী সমাধান নয়। নতুন করেই সেতুটি করা উচিত।
গাজীপুর সওজ বিভাগের বেইলি সেতুর মিস্ত্রি আবদুল মান্নান বলেন, প্রায় ১২০ ফুট দীর্ঘ সেতুটির দেবে যাওয়া অংশে কাজ চলছে। সেতুর ৩০ ফুট অংশে স্টিলের পাত বসানো হয়েছে। এতে দেবে যাওয়া অংশটি প্রায় তিন ফুট উঁচু হয়েছে। উঁচু অংশের দুই পাশে বালুভর্তি বস্তা ও ইট ফেলা হচ্ছে, যাতে সেতুতে গাড়ি ওঠানামায় সমস্যা না হয়।
গাজীপুর সওজ বিভাগের কার্যসহকারী এস এম সামসুল হক চৌধুরী বলেন, সেতুর ওপর বালুভর্তি বস্তা ও ইট ফেলার কারণে ওজন অনেক বেড়ে ঝুঁকি থেকেই যাচ্ছে। তবে এটা যান চলাচলের জন্য সাময়িক ব্যবস্থা।