গাজীপুরে জাগ্রত চৌরঙ্গীর নিচে আবর্জনা ফেলছে পৌরসভা
গাজীপুর পৌরসভার চান্দনা চৌরাস্তা মোড়ে মহান মুক্তিযুদ্ধের অন্যতম স্মৃতি জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্যের নিচে ও এর আশপাশের সড়ক বিভাজকে ময়লা-আবর্জনা ফেলছেন স্বয়ং পৌরসভার কর্মীরা। এতে নষ্ট হচ্ছে পরিবেশ। সড়কে আবর্জনা ফেলায় সৃষ্টি হচ্ছে যানজট। একই পৌরসভার কর্মীরা সদর উপজেলার বাইমাইল এলাকায় রাস্তার ওপর দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলছেন। এতে নাক-মুখ চেপে ধরে লোকজনকে চলাচল করতে হয়। সরেজমিনে দেখা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকার টাঙ্গাইল ও জয়দেবপুর রোডের শুরুতে বেশ কিছু জায়গায় সড়ক বিভাজক। দুই পাশেই পৌরসভার সুইপার ও ঝাড়ুদারেরা ময়লা-আবর্জনা স্তূপ করে রাখছেন। ময়লাগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ছে পুরো রাস্তায়। ময়লার ওপর দিয়ে অনেক গাড়ি না যাওয়ায় প্রায় যানজটের সৃষ্টি হচ্ছে। এ ছাড়া জাগ্রত চৌরঙ্গীর চত্বরের একপাশেও ময়লা ফেলা হচ্ছে। এ ব্যাপারে ভোগড়া এলাকার নিজাম উদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, আগে কখনো ওই সব স্থানে ময়লা-আবর্জনা ফেলা হতো না। কিন্তু ২০-২৫ দিন ধরে ওই স্থানে আবর্জনা ফেলা হচ্ছে। দুর্গন্ধ আশপাশের এলাকায় ছড়িয়ে নষ্ট করছে পরিবেশ। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্র মিজান হোসেন বলেন, চান্দনা এলাকায় স্কুল-কলেজসহ ১০-১২টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের বেশির ভাগ শিক্ষার্থীকে ওই স্থান দিয়ে হেঁটে চলাচল করতে হয়। কিন্তু ওই এলাকার ফুটপাতে দোকানপাট থাকায় বাধ্য হয়ে ময়লা-আবর্জনার পাশ দিয়ে হাঁটতে হয়। চান্দনা এলাকার বাসিন্দা আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, রাস্তায় ময়লা ফেলার বিষয়টি পৌরসভায় জানালেও কোনো কাজ হয়নি। বরং ময়লা-আবর্জনা ফেলা দিন দিন আরও বাড়ছে। তিনি আক্ষেপ করে বলেন, ‘আমরা জানতাম, পৌরসভা হলে শহরের সৌন্দর্য বৃদ্ধি পায়, আর আমাদের তার উল্টোটা হচ্ছে।’ এ ব্যাপারে কথা হয় গাজীপুর পৌরসভার কাউন্সিলর ও বাসন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সরকারের সঙ্গে। তিনি প্রথম আলোকে জানান, বিষয়টি পৌর মেয়রকে জানানো হয়েছে। তারপর কেন ওই স্থানে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে, তা জানা নেই। যোগাযোগ করলে গাজীপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবদুল করিম প্রথম আলোকে বলেন, ‘চান্দনা চৌরাস্তার বাজার ও আশপাশের এলাকার ময়লাগুলো সুইপার ও ঝাড়ুদাররা রাতের বেলায় ওই স্থানে ময়লা-আবর্জনা ফেলে। সেগুলো ভোরে পৌরসভার গাড়ি তুলে নিয়ে আসে। কিন্তু দিনের বেলায় কারা ওই সব স্থানে ময়লা ফেলে সেটা আমার জানা নেই।’