গাজীপুরে জিপ-ট্রেন সংঘর্ষ, আহত ৪
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালিগাঁও চৌধুরীপাড়া রেলক্রসিং এলাকায় আজ শুক্রবার বিকেলে ট্রেনের সঙ্গে একটি জিপের সংঘর্ষ হয়েছে। এতে জিপের তিন ও ট্রেনের একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন জিপের যাত্রী কালীগঞ্জ উপজেলার বালিগাঁও এলাকার আলাউদ্দিন (৬০), ভোলার সালাউদ্দিন (৩৫) ও হবিগঞ্জের কবির হোসেন (৩২) এবং ট্রেনযাত্রী নরসিংদীর শাহজাহান মিয়া (২৯)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে চারটার দিকে যাত্রীবাহী একটি পাজেরো জিপ বালিগাঁও রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে জিপটি ধাক্কা খায়। এতে জিপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং রেল লাইনের পাশে থাকা একটি গাছের সঙ্গে আটকে যায়। এ সময় গাছে আটকে থাকা জিপের ধাক্কা লেগে ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা যাত্রী শাহজাহান মিয়া পড়ে গিয়ে আহত হন। পরে রেলওয়ে পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় আহত চারজনকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হাসান মেহবুব জানান, আহত যাত্রীদের মধ্যে ট্রেনের যাত্রী শাহজাহান মিয়ার ডান পা ভেঙে গেছে। এ ছাড়া জিপের যাত্রী আলাউদ্দিন মাথায় এবং সালাউদ্দিন ও কবির হোসেন মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম ভূইয়া প্রথম আলোকে জানান, ওই রেল ক্রসিং এলাকায় রেলওয়ের কোনো গেট নেই।