গাজীপুরে জেএসসি পরীক্ষার্থীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার এক জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার বিকেলে পাশের লুটিয়ারচালা এলাকার একটি গজারি বন থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মো. সোহেল রানা (১৪) ভবানীপুরের সিংদীঘি সরকারি আশ্রয়কেন্দ্রের অধিবাসী দিনমজুর ফজলুল হকের ছেলে। সে এবার ভবানীপুর উচ্চবিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দেয়।
নিহত সোহেল রানার পরিবার ও পুলিশ জানায়, সোহেলের বাবা ভবানীপুর ফিড মিল লিমিটেডের দিনমজুর ও মা ফকিরা গার্মেন্টস লিমিটেডের শ্রমিক। গত রোববার রাত আটটার দিকে সোহেল পোশাক কারখানা থেকে তার মাকে এগিয়ে নিয়ে আসার কথা বলে বাইরে যায়। এর পর থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় গতকাল সকালে তার বাবা জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিকেল চারটার দিকে ভবানীপুরের পাশে লুটিয়ারচালা শালবনের ভেতর গ্রামবাসী সোহেলের মৃতদেহ দেখতে পায়। তার চোখ বাঁধা অবস্থায় গলা ও মুখ রশি দিয়ে পেঁচানো ছিল।

জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।