গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে দুই পক্ষে সংঘর্ষ, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে একটি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে সদর উপজেলার সরাব এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার নরবান কমটেক্স লিমিটেড নামের একটি পোশাক কারখানার সঙ্গে ঝুট কাপড়ের ব্যবসা করে আসছিলেন সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি। গত শুক্রবার রাতে তিনি ওই কারখানা থেকে দুটি ট্রাকে করে ঝুট কাপড় নিয়ে যাচ্ছিলেন। এ সময় রিপন মাতব্বর তাঁর লোকজন নিয়ে তাঁদের বাধা দেন এবং ভয়ভীতি দেখিয়ে ও নিরাপত্তাকর্মীদের মারধর করে ঝুটভর্তি ওই ট্রাক দুটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ ঘটনার খবর পেয়ে সাইফুলের লোকজন ও কারখানার শ্রমিকেরা তাঁদের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। পরে খবর পেয়ে রাত ১০ টার দিকে চক্রবর্তী ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত লোকদেরকে গাজীপুর সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ রানা বাদী হয়ে জয়দেবপুর থানায় অভিযোগ করেছেন।কারখানার নির্বাহী পরিচালক মো. আলী বলেন, ঝুট ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে।জয়দেবপুর থানাধীন চক্রবর্তী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।