গাজীপুরে ঝুটগুদাম ও বাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ পশ্চিমপাড়া এলাকায় ঝুটগুদাম, বসতবাড়ি ও দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ৮ কোটি ৫৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার রাত পৌনে আটটার দিকে আমবাগ পশ্চিমপাড়ার চায়না মার্কেটে প্রথমে একটি ঝুটগুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে ওই আগুন শরীফ উদ্দিন, আবদুস সামাদ, আবদুল্লাহ, রাজ্জাক, আনোয়ার পারভেজ, সিরাজুল, আনোয়ার হোসেন ও নূর ইসলামের ঝুটগুদামসহ ১৩টি ঝুটগুদামে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুনে পাশের দুটি মুদি দোকান, একটি স্যালুন ও একটি দরজির দোকান এবং স্থানীয় খোরশেদ আলম, ইদ্রিস আলী ও ফজলুর রহমানের বাসার ১৮টি কক্ষ পুড়ে যায়। আগুনে ঝুটগুদামের কাপড়, ঝুট ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ও ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণভাবে নেভাতে সক্ষম হন।

আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। তবে মার্কেট ও একটি ঝুটগুদামের মালিক আনোয়ার পারভেজের দাবি, শত্রুতা করে কেউ ঝুটগুদামে আগুন লাগিয়ে তাঁদের এত বড় ক্ষতি করে থাকতে পারে। অনেকেই ব্যাংক থেকে ঋণ নিয়ে ঝুট ব্যবসা করছিলেন বলে তিনি জানান।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান বলেন, আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে। তবে মালিকপক্ষ দাবি করছে, ৮ কোটি ৫৮ লাখ টাকা ক্ষতি হয়েছে।

এলাকাবাসী বলেন, কোনাবাড়ী একটি শিল্প এলাকা। এখানে গড়ে উঠেছে শত শত শিল্প-কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান। এলাকায় লাখো মানুষের বসবাস। এ ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেতে কোনাবাড়ী এলাকায় একটি ফায়ার সার্ভিস স্টেশন জরুরিভাবে চালু করা প্রয়োজন।