গাজীপুরে ঝুটের আটটি গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় আজ সোমবার ভোরে ঝুটের (পোশাক কারখানার পরিত্যক্ত মালামাল) গুদামে আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে। এতে পাশাপাশি আটটি ঝুটের গুদামের মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত আলতাফ হোসেনের ঝুটের গুদামে ভোর পৌনে পাঁচটার দিকে আগুন লাগে। তা আরও সাতটি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর, টাঙ্গাইলের মির্জাপুর ও সাভার ইপিজেড ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে সাতটার দিকে আগুন নেভানো সম্ভব হয়। আগুনে আটটি গুদামের সব মালামাল পুড়ে গেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল বলেন, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত ঝুট ব্যবসায়ী আলতাফ হোসেন ও আবুল হোসেন বলেন, পূর্বশত্রুতার জের ধরে কেউ আগুন লাগিয়ে থাকতে পারে বলে তাঁদের সন্দেহ।