গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় পরিবেশদূষণের দায়ে একটি সিরামিক কারখানাকে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার কারখানার কর্তৃপক্ষকে পরিবেশ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ে তলব করে শুনানি শেষে ওই জরিমানা করা হয়।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকার হুয়া থাই সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড নামের একটি টাইলস কারখানা পরিবেশ ছাড়পত্র ও বর্জ্য পরিশোধন ব্যবস্থা ছাড়াই কারখানা চালিয়ে পরিবেশদূষণ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ এপ্রিল পরিবেশ অধিদপ্তরের একটি দল ওই কারখানা পরিদর্শনে এসে পরিবেশদূষণের সত্যতা পান। কারখানাটি থেকে কঠিন ও তরল বর্জ্য নির্গত হচ্ছিল। কারখানার তরল বর্জ্য পরীক্ষা করে বিওডি ৭৬ মিলিগ্রাম-লিটার (আদর্শ মাত্রা ৫০ মিলিগ্রাম-লিটার) এবং সিওডি ৭০৪ মিলিগ্রাম-লিটার (আদর্শ মাত্রা ২০০ মিলিগ্রাম-লিটার) পাওয়া যায়, যা জমি ও জলাশয়ের জন্য ক্ষতিকর।গতকাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহমঞ্চদ মুনীর চৌধুরী পরিবেশ আইন লঙ্ঘন ও পরিবেশদূষণের অপরাধে কারখানার ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করেন এবং বর্জ্য পরিশোধন কার্যক্রম চালু ও পরিবেশ ছাড়পত্র গ্রহণ ছাড়া কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। মোহামঞ্চদ মুনীর চৌধুরী প্রথম আলোকে জানান, হুয়া থাই সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের কাছ থেকে পরিবেশের ক্ষতিপূরণ বাবদ ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২০০২ সালে একজন চীনা নাগরিকের প্রতিষ্ঠা করা এ কারখানা ১০ বছর ধরে বেআইনিভাবে পরিচালিত হচ্ছিল। পরবর্তী সময়ে এটি কেনেন চাঁদপুর এলাকার সাবেক সাংসদ জি এম ফজলুল হক। তিনি তিন বছর ধরে কারখানা বেআইনিভাবে পরিচালনা করছেন।